নিখোঁজের দুইদিন পর আসাদুল ইসলাম এরশাদ (৩৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে ঈশ্বরদীর মুলাডুলির বাণিজ্যিক ইক্ষু খামার সংলগ্ন পুরাতন ইটভাটার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এরশাদ মুলাডুলির ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং মুলাডুলির ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি রামনাথপুর গ্রামের হাবিবুর রহমান মোক্কাস প্রামানিকের ছেলে।
এরশাদের চাচাতো ভাই আমিরুল ইসলাম জানান, এরশাদ রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত সোমবার রাতে চাকরি থেকে এসে খাওয়া শেষ করে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি দোকানে কয়েল আনতে যান। সেখানে থেকে রাত সাড়ে ৯টার দিকে একটি ভ্যান চালকের মাধ্যমে কয়েল বাড়িতে পাঠিয়ে দিয়ে বলেন, সে শেখপাড়া যাচ্ছে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের ঘটনায় এরশাদের ভাই মহিরুল ইসলাম ঈশ্বরদী থানায় গত ১১ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করেন।
