বিদ্যুত্ ব্যবহার করে মানুষ তাদের জীবনমান উন্নীত করেছে ঠিকই, কিন্তু বিদ্যুতের অপচয় রোধ সম্পর্কে তেমন সচেতন হচ্ছে না। অবহেলা-অবজ্ঞায় প্রতিনিয়ত অনেক বিদ্যুত্ অপচয় হচ্ছে। সকালে হাঁটতে বের হলে এখনো বিভিন্ন অলিগলি এবং দোকানগুলোর সামনে অনেক সকাল অব্দি বৈদ্যুতিক বাতিগুলো জ্বলতে দেখি, এটা রোজকার ঘটনা। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে এবং ধর্মীয় উপাসনালয়গুলোতে বিভিন্ন সময় অপ্রয়োজনে বাতি জ্বালানো বা ফ্যান চলার দৃশ্য সচরাচর চোখে পড়ে। এছাড়াও অপরিকল্পিতভাবে লাগানো রাস্তায় নিয়ন ও সোডিয়াম লাইট জ্বালিয়ে রাখার কারণে প্রতিদিন অনেক বিদ্যুতের অপচয় ঘটছে। যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তাই বিদ্যুত্ ব্যবহারে জনসাধারণের সচেতন হওয়া একান্ত প্রয়োজন। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ফয়সাল মাহমুদ আল-মারজান
আইন বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
