পুরস্কার পেল কানাডার একটি প্রাইভেট দ্বীপ

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২১:১২

কানাডার ছয় একরের পুরো একটি দ্বীপ পুরস্কার হিসাবে পেলেন এক দুবাই প্রবাসী। বাবা-মাসহ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে তিনি ২০ বছর ধরে বসবাস করছেন। সেখানে তিনি এক প্রতিযোগিতায় অংশ নিয়ে ঐ দ্বীপটির মালিক বনে যান। ভারতীয় বংশোদ্ভূত পর্তুগিজ নাগরিক ব্রেন্ডন লোপেস এমিরেটস এনবিডির ডিজিটাল লাইফস্টাইল ব্যাংকের এক প্রতিযোগিতায় অংশ নিয়ে কানাডার একটি প্রাইভেট দ্বীপ পুরস্কার হিসেবে পেয়েছেন। ২৭ বছর বয়সি চলচ্চিত্র নির্মাতা ও ডিজে ঐ দ্বীপের পাশাপাশি ১ লাখ আমিরাতি দিরহাম পুরস্কার পেয়েছেন। তিনি যে দ্বীপটি পুরস্কার পেয়েছেন; তার আয়তন প্রায় পাঁচটি ফুটবল মাঠের সমান এবং এই দ্বীপটি অবস্থিত কানাডার নোভা স্কোটিয়া অঞ্চলে। এর বর্তমান বাজার মূল্য ৫০ হাজার থেকে ১ লাখ মার্কিন ডলার। ব্রেন্ডন লোপেস বলেন, ‘বর্তমানে আমি পুরো একটি দ্বীপের মালিক। আমি এটি বিশ্বাস করতে পারছি না।’ তিনি বলেন, দ্বীপটি একনজর দেখার জন্য সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন।                  —খালিজ টাইমস