ভোগাই থেকে অবৈধভাবে বালু উত্তোলন ৩০ ড্রেজার মেশিন ধ্বংস

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২১:১৫

আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন ও সরকারি স্থাপনার নিকটবর্তী নিষিদ্ধ সীমানা থেকে ভোগাই নদীর বালু উত্তোলনের অভিযোগে ৩০টি শ্যালোচালিত ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

প্রশাসন সূত্র জানায়, আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে নাকুগাঁও এলাকায় ভোগাই নদীর তীরবর্তী ভারত সীমানা থেকে ৩০০ মিটারের মধ্যে বালু উত্তোলনের অভিযোগ ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন ভোগাই নদীর ঐ অংশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ভারত সীমানার ৩০০ মিটারের মধ্যে থাকা ২৫টি শ্যালোচালিত ড্রেজার হাতুড়ি দিয়ে পিটিয়ে ধ্বংস করা হয়। সকাল দশটার দিকে নাকুগাঁও ব্রিজ এলাকায় ব্রিজের নিকটবর্তী নিষিদ্ধ ৫০০ মিটারের মধ্যে বালু উত্তোলনকারী ড্রেজার পাওয়া যাওয়ায় আরো পাঁচটি শ্যালোচালিত ড্রেজার ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জানান, আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে বালু উত্তোলনের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। তাই সীমান্তবর্তী ৩০০ মিটারের মধ্যে থাকা ২৫টি মেশিন ধ্বংস করা হয়। এছাড়াও নাকুগাঁও ব্রিজের ৫০০ মিটারের মধ্যে থাকায় আরো পাঁচটি মেশিন ধ্বংস করা হয়েছে।

ক্যাপশন: উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনারের উপস্থিতিতে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।