বিএনপিকে সহযোগিতার আশ্বাস আইজিপির

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২২:২২

নির্বাচনী প্রচারে দলীয় নেতা-কর্মীদের হয়রানি বন্ধে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)  ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর হস্তক্ষেপ চেয়েছে বিএনপি। পুলিশপ্রধান বিএনপি নেতাদের এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

 ভোটের প্রচার শুরুর পর নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ নিয়ে গতকাল বুধবার বিকালে আইজিপির সঙ্গে সাক্ষাত্ করে বিএনপির একটি প্রতিনিধি দল। সেলিমা রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম।

আইজিপির সঙ্গে সাক্ষাত্ শেষে সেলিমা রহমান বলেন, নির্বাচনী প্রচার প্রচারণার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিএনপি কর্মীরা বাধার শিকার হচ্ছেন। বিএনপি নেতাদের গাড়ি ভাঙচুর হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। কেউ জামিন নিয়ে বের হলে তাকে আবার গ্রেফতার করা হচ্ছে। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে।

তিনি আরো বলেন, আমরা আইজিপিকে বলেছি নির্বাচনের আগে বাকি ১৮ দিন যাতে আমাদের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে প্রচার চালাতে পারে। আইজিপি আমাদের সহযোগিতার আশ্বাস  দিয়েছেন।