দেশের আলোচিত বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যার ঘটনায় অভিনব প্রতিবাদে নেমেছেন নান্দাইলের অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষক আফেন্দি নূরুল ইসলাম। তিনি বুয়েটের ছাত্র আবরার ফাহাদের খুনিদের ‘চূড়ান্ত বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে অভিনব একক প্রতিবাদ করছেন। নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন আফেন্দি নূরুল ইসলাম। সেই সঙ্গে তিনি একজন লেখকও। প্রকাশিত হয়েছে তার একাধিক গল্প, কবিতা, বই। আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আফেন্দি নুরুল ইসলাম তার প্ল্যাকার্ডে লিখেন, ছাত্ররাজনীতি বন্ধ হবে কেন? বঙ্গবন্ধুর নির্দেশে আমরা ছাত্ররাই বাংলাদেশ স্বাধীন করেছি। আজ দুর্বৃত্ত আর দানবে বাংলাদেশ ভরে গেছে।
