সরকারি গাছ আত্মসাতের মামলা

লামায় ১৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২১:২১

উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়িতে কৃষি বিভাগের সরকারি জমি থেকে জোরপূর্বক ২ লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে পাচার ও সরকারি জায়গা আত্মসাত্ করার অভিযোগে ১৯ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। লামা উপজেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান কৃষি বিভাগের দায়েরকৃত ফৌজদারি অভিযোগ তাত্ক্ষণিক জুডিশিয়াল তদন্ত করে বৃহস্পতিবার দুপুরে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। যাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলো—মো. বাজেত মিয়া, মো. লোকমান, নুরুল হক, মো. আলাউদ্দিন, আব্দুল কাদের, মো. ইসমাইল, মো. সুলতান, মো. ইউছুপ, মো. সালাউদ্দিন, ইরাত মিয়া, বেলাল উদ্দিন, আব্দুল মফিজ, মহিম উদ্দিন, আবদুছ ছাত্তার, আবু আহমদ, মো. ইউনুছ, নুরুল ইসলাম  ও মংথুইপ্রু মার্মা। জানা গেছে, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্বাছ উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৯ জনকে বিবাদী করে এই ফৌজদারি অভিযোগ দায়ের করেন।