শুরু হলো বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২১:২৩

কনস্ট্রাকশন, বিদ্যুত্ সৌরশক্তি, পানি, সেফটি অ্যান্ড সিকিউরিটি, লাইটিং এবং রিয়েল এস্টেট শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হয়েছে ‘২৬তম বিল্ড বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী-২০১৯’। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এ প্রদর্শনী উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে শিল্পায়ন জরুরি। আর শিল্পায়ন ত্বরান্বিত করতে স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি করতে হবে। কৃষিক্ষেত্রে খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং ফসল উত্পাদন বৃদ্ধিতে স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহার সহায়ক হবে। তিনি গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা কমিয়ে রপ্তানি বাণিজ্য বহুমুখীকরণের ওপরও গুরুত্বারোপ করেন। বাংলাদেশ, ভারত, চীন, সুইডেন, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, ইউএই, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মিশর, শ্রীলঙ্কা, ফিনল্যান্ড এবং তুরস্কসহ বিশ্বের ১৪টির অধিক দেশের ২৬৭টি কোম্পানি এবং ৩০০টির অধিক স্টল উক্ত আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো অবকাঠামো উন্নয়নসংশ্লিষ্ট সর্বাধুনিক এবং উদ্ভাবনী কনসেপ্ট, সরঞ্জমাদি, প্রযুক্তি এবং পরিষেবা প্রদর্শন করছে।

সেমস গ্লোবালের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুত্ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস। এবারের আয়োজনে ‘ম্যাক্স গ্রুপ’ ‘২৬তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৯’-এর গোল্ড স্পন্সর; এস.কিউ গ্রুপ—২২তম পাওয়ার বাংলাদেশ এক্সপো ২০১৯-এর সিলভার স্পন্সর, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড—২০তম রিয়েল এস্টেট এক্সপো-এর গোল্ড স্পন্সর, ইউএস-বাংলা এসেটস লিমিটেড ‘২০তম রিয়েল এস্টেট এক্সপো-বাংলাদেশ ২০১৯’-এর সিলভার স্পন্সর, ইডকল—১৭তম সোলার এক্সপো-২০১৯-এর নলেজ পার্টনার।