সময় কীভাবে মানুষের ভূমিকা বদলে দেয়!
একদিন এই মহেন্দ্র সিং ধোনি জাতীয় দলে এসেছিলেন সৌরভ গাঙ্গুলির হাত ধরে। আবার এই ধোনির অধিনায়কত্ব যুগে শেষ হয়ে গিয়েছিল সৌরভের আন্তর্জাতিক ক্যারিয়ার। আবার সেই ধোনি এখন যখন অস্তাচলে, তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন সেই সৌরভ।
বিশ্বকাপ থেকে ভারত ছিটকে পড়ার পর থেকেই আর জাতীয় দলে নেই মহেন্দ্র সিং ধোনি। তাকে বাদ দিয়েই একটার পর একটা সিরিজ খেলছে ভারত। অনেকেই বলছেন, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় নেই ধোনি। কিন্তু আসলে বাস্তবতাটা কী? হবু বোর্ড সভাপতি সৌরভ কী ভাবছেন তার সাবেক সতীর্থর ব্যাপারে?
সৌরভ পরিষ্কার বলে দিলেন, এটা তার এখতিয়ারের ব্যাপার নয়। তিনি এতোদিন ধরে এই ব্যাপারে কোনো খোঁজখবর রাখতেন না। তাই ধোনির ব্যাপারে মন্তব্য করার আগে তিনি নির্বাচক কমিটির সাথে আলাপ করে নিতে চাই। ৩৮ বছর বয়সি ধোনি বিশ্বকাপের পর থেকে কৌশলগতভাবে দলের বাইরে আছেন। খেলার সাথেও তিনি নেই খুব একটা। একদিন আগেই একটা বাণিজ্যিক কার্যক্রমে অংশ নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তার না থাকার সম্ভাবনাই বেশি। এদিকে অনেক জল্পনা কল্পনা থাকা সত্ত্বেও ধোনি নিজে অবসরের ঘোষণা দিচ্ছেন না। অন্য দিকে জোর গুঞ্জন যে, ধোনিকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে যাবে ভারত।
তবে ইডেনে সৌরভকে ধোনির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘২৪ অক্টোবর যখন নির্বাচকদের সাথে আমার সাক্ষাত্ হবে, তখন আমি এটা নিয়ে কথা বলব। তখন আমি এটা বোঝার চেষ্টা করব যে, নির্বাচকরা কী ভাবছেন। তারপর আমি হয়তো আমার মতামত দিতে পারব।’
সৌরভ এটাও বলেছেন যে, প্রয়োজন হলে তিনি ধোনির সাথেও এ নিয়ে কথা বলবেন, ‘আমাদের এটাও জানতে হবে যে, ধোনি নিজে কী চায়। সে কী চায়, সে কী চায় না—এটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি প্রয়োজন হলে তার সাথে কথা বলে জানতে চাইব।’
তবে সৌরভ বলছেন, যেহেতু তিনি নিজে অনেকদিন ধরে এসব ব্যাপারের সাথে জড়িত নন এবং তিনি এখনকার অবস্থাটা জানেন না, তাই কিছু জেনে তবে এ নিয়ে আগে এগোতে চান, ‘আমি যেহেতু অনেকদিন ধরে এই ব্যাপারটায় জড়িত নেই, তাই আমি জানি না যে, এটার পরিষ্কার চিত্র কী। এমনও হতে পারে, ধোনি ও নির্বাচকরা বিষয়টা নিয়ে পরিষ্কার। ফলে আমি এখন যে অবস্থায় আছি, তাতে আমাকে ব্যাপারটা খতিয়ে দেখতে হবে এবং সামনে অগ্রসরের পথ ঠিক করতে হবে।’
এই কথা বলতে গিয়েই সৌরভ বলেছেন, সেই ধোনির আমলের পর থেকে ভারত আর কোনো বৈশ্বিক শিরোপা জিততে না পারাটা একটা দুশ্চিন্তার ব্যাপার। এর মধ্যে ভারত ৭টি বড়ো ট্রফি খেলে ফেললেও জিততে পারেনি একটাও। ধোনি নিজের ভবিষ্যত্ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে হবু বোর্ড সভাপতির এই ট্রফি নিয়ে হতাশার ব্যাপারে একটা অনুষ্ঠানে বলেছেন, ‘একটা দল হিসেবে ট্রফি জেতাটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। কিন্তু সে জন্য ছোটো ছোটো অনেক কাজ করতে হয়। আমরা চেষ্টা করেছি।’
