টি-২০ দলে আরাফাত সানি ও আল-আমিন

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২১:৩২

নিকটতম ভবিষ্যতেও হয়তো নিজেদেরকে জাতীয় দলে কল্পনা করেননি তারা। গতকাল হেমন্তের সন্ধ্যাটা বড়ো ধরনের চমক হয়েই ধরা দিয়েছে জাতীয় ক্রিকেট লিগ খেলায় ব্যস্ত আরাফাত সানি ও আল-আমিন হোসেনের জন্য। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন এ দুই অভিজ্ঞ ক্রিকেটার।

গতকাল ভারত সফরের টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও ডানহাতি পেসার আল-আমিন হোসেনের ফেরাটাই দলের সবচেয়ে বড়ো চমক। একটা সময় দুই জনই ছিলেন বাংলাদেশের টি-২০ দলের অপরিহার্য অংশ। প্রায় চার বছর পর টি-২০ দলে ফিরেছেন তারা। ২০১৬ সালের মার্চে ভারতে অনুষ্ঠিত আইসিসি টি-২০ বিশ্বকাপে শেষবার এই ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আরাফাত সানি ও আল-আমিন।

এছাড়া টি-২০ দলে ফিরেছেন সৌম্য সরকার, গত মাসে ত্রিদেশীয় সিরিজে বিশ্রামে থাকা তামিম ইকবাল। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

ভারত সফরের জন্য বাংলাদেশের টি-২০ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে ৩ নভেম্বর দিল্লি, ৭ নভেম্বর রাজকোট ও ১০ নভেম্বর নাগপুরে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি-২০ তে মাঠে নামবে সাকিবের দল।