সর্বত্রই নির্বাচনী প্রচারণা উত্সব। রাজপথ থেকে শুরু করে অলিগলি এবং সারাদেশে গ্রাম-গঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। দেশজুড়ে শুরু হয়েছে ভোটের উত্সবমুখর প্রচারণা। সব প্রার্থী নেমে গেছেন ভোটের মাঠে। ভোটারদের সঙ্গে গণসংযোগ, মিছিল, মাইকিং, শোডাউন, পথসভা, জনসভা ছাড়াও ঘরোয়া বৈঠক, উঠান বৈঠক, মতবিনিময় সভাসহ নানা কর্মসূচিতে ব্যস্ততম দিন পার করছেন প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
গতকাল বুধবার ঢাকা থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে কোটালীপাড়ায় জনসভায় আনুষ্ঠানিকভাবে নৌকায় ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোটের প্রচারণায় রাজধানীতে গতকাল আওয়ামী লীগের প্রায় দুই শতাধিক মিছিল বের হয়। যেন মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকা। মিছিলগুলোর মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয় নগরীর অলিগলি। এদিকে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা সহকারে নৌকায় ভোট চাইবেন তারকারা। ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, সঙ্গীতশিল্পী, চিত্রশিল্পী, অভিনয়শিল্পীদের অনেকেই নৌকার পক্ষে ভোট চাইতে মাঠে নামছেন। এছাড়া গতকাল থেকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান সম্বলিত চিঠি সারাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার মিশনে নেমেছে আওয়ামী লীগ।
নৌকার প্রচার কার্যক্রম উদ্বোধন: গতকাল দুপুরে রাজধানীতে তারকাদের নিয়ে নৌকার প্রচার কার্যক্রমের উদ্বোধন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই বাংলাদেশের পক্ষে, নৌকায় ভোট দিন’-জনপ্রিয় তারকাদের কণ্ঠে আহবান সম্বলিত কয়েকটি সিডিও উদ্বোধন করা হয়েছে। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নৌকার প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি দিনে দিনে সংকুচিত হয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে বিএনপির শোচনীয় পরাজয় হবে। তারা যে মুসলিম লীগের কাছাকাছি চলে গেছে ভোটে সেটা পরিষ্কার হয়ে যাবে। তিনি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে দলটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আজ বেলা ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে। তিনি বলেন, আজ থেকে গানে গানে, সুরে সুরে বর্ণাঢ্য প্রচার কার্যক্রম শুরু হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আরেকটি মুক্তিযুদ্ধের মতো। যারা একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নিতে পারেননি, তাদের এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করার সুবর্ণ সুযোগ। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। তাঁর এ কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে আমরা স্বল্প পরিসরে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলাম।
সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নৌকার এই প্রচার অনুষ্ঠান শুরু হয়। এরপর সরকারের টানা দশ বছরের বিভিন্ন উন্নয়ন ও বিএনপি-জামায়াতের নাশকতার বিভিন্ন ঘটনা নিয়ে তৈরি ভিডিও চিত্র দেখানো হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচনী প্রচার উপ-কমিটির আহ্বায়ক ড. হাছান মাহমুদ, ব্যবসায়ী নেতা বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, শুভ্র দেবসহ বিশিষ্ট অভিনয় শিল্পী, সঙ্গীতশিল্পী, ক্রীড়াবিদসহ বিশিষ্ট ব্যক্তিরা।
আওয়ামী লীগ প্রার্থীদের শো-ডাউন: নেতাকর্মীদের চাঙ্গা করতে গতকাল আওয়ামী লীগ প্রার্থীরা নিজ এলাকায় ব্যাপক শো-ডাউন করেছেন। নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছেন বর্তমান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। নেতাকর্মীরা ঢাক-ঢোল পিটিয়ে গানে-গানে নৌকার পক্ষে জোয়ার তৈরিতে নানা আয়োজন করেন। এ সময় সাবের হোসেন চৌধুরী জানান, তিনি শুধু নৌকার প্রার্থী নন, গণমানুষের নেতা হতে চান। নির্বাচনে জিতলে কাজ করতে চান সবাইকে নিয়ে।
ঢাকা ১০ আসনের ব্যারিস্টার ফজলে নুর তাপস ৫টি গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এলাকার উন্নয়নে আরো একবার জনগণের কাছে সুযোগ চান তিনি। প্রচারণায় নামেন ঢাকা ১৩ আসনে আওয়ামী লীগের নতুন প্রার্থী সাদেক খান ও ঢাকা-১৮ আসনের প্রবীণ প্রার্থী সাহারা খাতুনও।
