ডিএনসিসির ভুয়া কর্মকর্তা গ্রেফতার

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২২:০৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সম্পত্তি বিভাগের জরিপ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. আমিনুল ইসলাম (আমিন) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার বাড্ডা থানা পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে জরিপ কর্মকর্তা, সম্পত্তি বিভাগের পদবিসহ একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়। জানা যায়, ডিএনসিসির জরিপ কর্মকর্তা পরিচয় দিয়ে ট্রেড লাইসেন্স করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অনেকেই অভিযোগ করেন ডিএনসিসিতে। এর পরিপ্রেক্ষিতেই ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম গত ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে অসীম কর্মকার নামে এক ব্যক্তি ডিএনসিসি অফিসে জানান, মো. আমিনুল ইসলাম (আমিন), জরিপ কর্মকর্তা পরিচয় দিয়ে তার কাছ থেকে ট্রেড লাইসেন্স করিয়ে দেওয়ার কথা বলে ৬ হাজার টাকা নেন। অনেকদিন অতিবাহিত হলেও তাকে কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হয়নি, এমনকি তিনি ফোনও রিসিভ করেন না। তখন সম্পত্তি বিভাগ থেকে জানানো হয়, এ নামে ডিএনসিসিতে কোনো কর্মকর্তা বা কর্মচারী নেই। যদি কখনো তার সন্ধান পাওয়া যায় তাহলে ডিএনসিসিকে জানাতে। অসীম কর্মকার গত বুধবার ডিএনসিসিকে জানান, মো. আমিনুল ইসলাম (আমিন) বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডা ইউসেফ স্কুলের পাশের একটি ফার্মেসিতে রয়েছেন। পরে বাড্ডা থানা পুলিশ তাকে সেখান থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়। প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তির নাম মো. আমিন মিয়া, বয়স ৪৭। পিতা মো. আব্দুর রশিদ। রংপুরে তার গ্রামের বাড়ি।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্যামলী ও উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। গতকাল বৃহস্পতিবার ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন শ্যামলীতে এবং জুলকার নায়ন উত্তরায় এ উচ্ছেদ পরিচালনা করেন। অভিযানকালে শ্যামলী রিং রোডের দুই পাশের প্রায় ১৫০টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এসময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখা, মোটরসাইকেল পার্ক করা, এসি স্থাপন, জেনারেটর রাখার কারণে ১১টি মামলায় মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেম হাসু উপস্থিত ছিলেন। অন্যদিকে উত্তরা ৩ নম্বর সেক্টর ও জসিম উদ্দিন অ্যাভিনিউ থেকে ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।