মাদকসেবনের অভিযোগে ২১ জনকে সাজা দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মহানগর পুলিশ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে গ্রেফতার করেছে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো টিমের সহকারী পরিচালক (উত্তর) খোরশেদ আলম জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত গতকাল কাওরান বাজার ও হাতিরঝিল এলাকায় অভিযান চালায়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট অরবিন্দ বিশ্বাস মাদকসেবনের অভিযোগে ২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।
অপরদিকে রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৬১ গ্রাম হেরোইন, ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৩ বোতল বিদেশি মদ, ২৫টি নেশা জাতীয় ইনজেকশন ও ৩২০ বোতল ফেনসিডিল। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা করা হয়েছে।
