সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন বলেছেন, সংবিধান ও দশ বিচারপতির মামলার রায়ের নির্দেশনা অনুসারে ভবিষ্যতে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দিতে হবে। সংবিধানের বাইরে কিছু করার সুযোগ নেই। সংবিধানেই স্পষ্ট করা হয়েছে কীভাবে বিচারক নিয়োগ হবে। শুধু ম্যান্ডেট হচ্ছে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করতে হবে। আর কারা বিচারক হিসেবে নিয়োগ পাবেন তা সংবিধানেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বার সভাপতি এসব কথা বলেন।
পৃথক সংবাদ সম্মেলনে বার সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন বলেন, বিচারক নিয়োগের নীতিমালা বিষয়ে উচ্চ আদালতের রায় রয়েছে। কিন্তু আজ পর্যন্ত বিচারক নিয়োগের লক্ষ্যে কোনো নীতিমালা প্রণয়ন করা হয়নি। এমতাবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে সংবিধানের নীতিমালা প্রণয়ন করা দরকার। এই নীতিমালা করেই আপিল ও হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগ করা হোক।
জবাবে বার সভাপতি বলেন, নীতিমালা আইন নয়। আর এটা সংবিধানের ওপরে নয়। নীতিমালার বাউন্ডিং ইফেক্টও নেই। সংবিধানেই স্পষ্ট করে উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিষয়ে বলা হয়েছে। সেক্ষেত্রে নীতিমালা কেন, প্রয়োজনে আইন হতে পারে বিচারক নিয়োগে।
