বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২২:২৫

বাংলাদেশ ফুটবল দলের সাম্প্রতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘সাম্প্রতিককালে বাংলাদেশের ফুটবলের উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। দেশটির ফুটবলের উন্নয়নে আমরা আমাদের সমর্থন এবং সহযোগিতা অব্যাহত রাখব।’

গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের খেলাধুলার উন্নয়নে তার সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেছেন, সারাদেশে ৪৯২টি মিনি স্টেডিয়াম স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী ফুটবলকে দেশের একটি জনপ্রিয় খেলা হিসেবে উল্লেখ করে তার দাদা এবং বাবাও ফুটবল খেলতেন বলে স্মরণ করেন। শেখ হাসিনা বলেন, তার ভাই শেখ কামাল বাংলাদেশের শীর্ষ স্থানীয় খেলাধুলার সংগঠন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা। দেশে নতুন খেলোয়াড় সৃষ্টি করতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আমরা ছেলে এবং মেয়েদেরকে ফুটবলে অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা জোগাচ্ছি।

প্রেস সচিব বলেন, কলকাতায় গত মঙ্গলবার অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত বিশ্বকাপ বাছাইপর্বের খেলাটি আলোচনায় উঠে আসে। ফিফা সভাপতি বলেছেন, ফুটবল থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, বিশেষ করে শৃঙ্খলার বিষয়টি। তিনি বাংলাদেশে ফুটবলের উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন। তিনি ফিফার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) পরামর্শ দেন।

সৌজন্য সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০ নম্বর খেলোয়াড়ের জার্সি তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি। এসময় প্রধানমন্ত্রীও তাকে বাংলাদেশের পতাকা সম্বলিত একটি জার্সি উপহার দেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।