ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক সাঈদ বরখাস্ত

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২২:৩৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমিনুল হক সাঈদকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ডিএসসিসির ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদ করপোরেশনে অনুষ্ঠিত ১৮টি সভার মধ্যে ১৩টি সভায় অনুপস্থিত ছিলেন। মাত্র ছয়টি বোর্ড সভায় উপস্থিত ছিলেন। তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম থেকে দশম, ১২তম থেকে ১৭তম পর্যন্ত মোট ১৩টি সভায় উপস্থিত ছিলেন না। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি ছাড়া অনেকবার বিদেশ ভ্রমণ করেছেন। যার কারণে কারণ দর্শানোর নোটিশ দেয় মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সাঈদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ২৫ জুনডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে চিঠি দেন। এরপর ১ জুলাই উপ-সচিব আ ন ম ফয়জুল হক তাকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশের জবাব সন্তুষ্ট না হওয়ায় তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। উল্লেখ্য, সাঈদ যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার যুগ্ম সম্পাদক। ২০১৫ সালে ডিএসসিসির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। ফকিরাপুল ও আরামবাগের অনেকেই তাকে ‘ক্যাসিনো সাঈদ’ নামে চেনেন।