নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে সোনারগাঁও আওয়ামী লীগ সমর্থন দিয়েছে। গতকাল বুধবার বিকালে স্থানীয় রয়েল রিসোর্ট নামের একটি হোটেলে কর্মীসভা করে এ সমর্থন দেওয়া হয়।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরজাহান, সোনারগাঁও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সিদ্দিক মোল্লা প্রমুখ।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ শো ডাউনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বুধবার দুপুরে উপজেলা সদর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী নূরুন্নাহার আক্তার, জেলা বিএনপির সহ-সভাপতি লুত্ফুর রহমান আব্দু, সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ মিয়া, সাবেক বিআর ডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, উপজেলা মহিলা দলের সভাপতি পারভিন আক্তার, বিএনপি নেতা আবুল কালাম প্রমুখ।
