ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে কর্মরত বিশেষ পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর আলম চৌধুরীকে কর্তব্যে অবহেলা এবং দায়িত্বহীন আচরণের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। তাত্ক্ষণিকভাবে এ আদেশ কার্যকর হবে।
সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে লেখক অভিজিত্ রায় হত্যা মামলার বিচার চলছিল। বুধবার মামলার বাদী অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক অজয় রায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হননি। এ নিয়ে অজয় রায়ের উদ্বৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। বুধবার রাতে একটি বেসরকারি টিভির সংবাদ বিশ্লেষণমূলক লাইভ অনুষ্ঠানে যুক্ত হন পিপি জাহাঙ্গীর আলম। এ সময় টিভি স্টুডিওতে উপস্থিত উপস্থাপিকাসহ ডায়াসের দুজন সাংবাদিক পিপির কাছে মামলার ঘটনাক্রম জানতে চান। কিন্তু তিনি সদুত্তর দিতে পারেননি। বিষয়টি আইন মন্ত্রণালয়ের গোচরীভূত হলে তাকে পিপি পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানা গেছে।
