প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর তদারকিতে কঠোরভাবে নিয়মকানুন অনুসরণ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেছেন, ‘আইনের বাইরে যাবেন না এবং দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তদারকি করার ক্ষেত্রে নিয়মগুলি কঠোরভাবে অনুসরণ করুন।’ চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে ইউজিসির একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাত্ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী এ সময় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজগুলোর প্রতিও নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি আইন তৈরির মাধ্যমে ইউজিসিকে শক্তিশালী করা হবে, ফলে এর সক্ষমতাও অনেকাংশে বৃদ্ধি পাবে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নজরদারির ক্ষেত্রে তারা কঠোরভাবে আইন অনুসরণ করে থাকেন উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালগুলো পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের অনুমতি দেব না।’ প্রতিনিধি দলের সদস্যরা মঞ্জুরি কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে বৈঠকে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তারা বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য একটি নীতিমালার রূপরেখা প্রণয়ন করেছেন উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘আমরা শিক্ষকদের জন্য বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-র মতো একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট চাই।’
প্রধানমন্ত্রীর সঙ্গে জেনারেল
রোসোর সাক্ষাত্
ইতালির সফররত বিমানবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল অ্যালবার্টো রোসো বৃহস্পতিবার বাংলাদেশ বিমানবাহিনী (বিএএফ) সদস্যদের প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্কালে ইতালির বিমানবাহিনীর প্রধান এ প্রস্তাব দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির বিমানবাহিনীর প্রধানকে তার দেশে ফাইটার হেলিকপ্টার ও পরিবহন বিমানের ওপর বিএএফ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করার অনুরোধ জানালে লেফটেন্যান্ট জেনারেল অ্যাবার্টো রোসো সম্মতি জানান। জেনারেল রোসো প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশে তার সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে।’ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহ্ফুজুর রহমান, পিএমও সচিব সাজ্জাদুল হাসান ও বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা বৈঠকে উপস্থিত ছিলেন।
