পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের ছোটো ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজ থেকে ছাড়পত্র গ্রহণের পর কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি হন। আবরার ফায়াজ অসুস্থ থাকায় তার পিতা বরকত উল্লাহ ভর্তি সংক্রান্ত যাবতীয় কাগজপত্র অধ্যক্ষের কাছে জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন।
এর আগে গত ১৫ অক্টোবর ঢাকা কলেজের ছাত্র আবরার ফায়াজ ছাত্রপত্রের জন্য আবেদন করলে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র প্রদান করে। ঐ ছাড়পত্র নিয়ে তিনি কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তির সুযোগ লাভ করেন। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগ নেতারা হত্যার পর ছোটো ভাই আবরার ফায়াজ ঢাকায় বসবাস ও পড়ালেখার আগ্রহ হারিয়ে ফেলেন। ভাইকে হারিয়ে তিনি শূন্যতা ও বড্ড একাকিত্ব অনুভব করেন। তাই ঢাকায় থাকার আর কোনো মানে হয় না বলে আবরার ফায়াজ জানান।
কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজি মনজুর কাদির জানান, আবরার ফায়াজ এখন আমাদের কলেজের ছাত্র। পড়াশোনার বিষয়ে কলেজের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর বুয়েটের তড়িত্ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে বুয়েট ছাত্রলীগের (পরে বহিষ্কৃত) নেতাকর্মীরা নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করে।
