সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন চার জন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, হতাহতদের সবাই বিদেশি। তবে এখনো তাদের নাগরিকত্ব জানা যায়নি।
মদিনা পুলিশের মুখপাত্র জানান, বুধবার মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল আখাল এলাকার হিজরা রোডে একটি বাসের সঙ্গে অপর একটি ভারী যানের সংঘর্ষে ঐ দুর্ঘটনা ঘটে। নিহতরা আরব এবং এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। ওমরাহ করতে তারা সৌদিতে অবস্থান করছিলেন। হতাহতের মধ্যে বাংলাদেশি নাগরিক আছেন কিনা, তা জানা যায়নি।
সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। সৌদি সংবাদমাধ্যমে আসা ছবিতে দেখা যায়, বাসটিতে আগুন জ্বলতে। দুর্ঘটনার পর সৌদি রেড ক্রিসেন্ট ও অন্যান্য জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। আহতদের আল-হামনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে বলে খবরে জানানো হয়েছে।
