বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে আশবাদী যুক্তরাষ্ট্র

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০০:৪২

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্ক আরো মজবুত ও ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য দুইটি চুক্তির খসড়া নিয়ে আলোচনা করছে দুই দেশ। বাংলাদেশ সামরিক লক্ষ্য ২০৩০কে সামনে রেখে যুক্তরাষ্ট্র সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দিচ্ছে। গত এক বছরে সরঞ্জাম সংগ্রহ ও প্রশিক্ষণ বাবদ প্রায় সাড়ে আট মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন সরকারের কর্মকর্তারা। তারা মনে করেন প্রস্তাবিত দুটি চুক্তি চূড়ান্ত হলে বাংলাদেশের প্রতিরক্ষা খাত সুফল পাবে। প্রস্তাবিত চুক্তি দুটি হলো—জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসোমিয়া) ও একুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট (আকসা)। কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র সরকার ৭৬টি দেশের সঙ্গে জিসোমিয়া ও ১০০টি দেশের সঙ্গে আকসা চুক্তি করেছে।

বাংলাদেশ সরকার সামরিক বাহিনী ও এর পরিচালনা আধুনিকায়ন করতে যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কেনার আগ্রহ প্রকাশ করেছে। প্রতিরক্ষা বাণিজ্য, তথ্য বিনিময় ও সামরিক সহযোগিতার জন্য এটা প্রয়োজন। তাই প্রস্তাবিত চুক্তি দুটি সম্পন্ন করা দরকার। মার্কিন কর্মকর্তারা জানান, জিসোমিয়া হলো দুই সরকারের মধ্যে এমন একটি চুক্তি যার আওতায় গোপন সামরিক তথ্য-উপাত্ত বিনিময় সম্ভব হবে। বৃহত্ সামরিক সহযোগিতার ক্ষেত্রও উন্মোচিত হবে। অপর চুক্তি আকসার আওতায় সামরিক লজিস্টিকস সহায়তা সহজ হবে। এর মাধ্যমে খাদ্য, পানি, জ্বালানি, পরিবহন, টহল ও প্রশিক্ষণ খাতে সহায়তা বাড়বে এবং দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির সুযোগ হবে।