দুদকের সবাই সাধু এটা বলার কারণ নেই --------- অ্যাটর্নি জেনারেল

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০০:৫১

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, দুর্নীতি দমন কমিশনে যারা আছেন তারা সবাই সাধু এটা বলার কোনো কারণ নেই। কারণ হলো—দুদকের যে কর্মচারীরা আছেন, এদের মধ্যে অনেকে ‘ব্যুরো আমলে’ নিয়োগ পাওয়া। সরকার চেয়েছিল সম্পূর্ণ নতুন লোক দিয়ে এই দুর্নীতি দমন কমিশন গঠিত হবে। তখন নানা রকম মামলা মোকদ্দমার কারণে সেটি সম্ভব হয়নি। তিনি বলেন, বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির বিষয়ে শুধু দুদক কেন পুলিশ, র্যাব, এনবিআর সবারই আলাদা তদন্ত করা দরকার। গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে বেসিক ব্যাংক কেলেঙ্কারির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি একথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ব্যাংক নানা রকম ক্ষতির সম্মুখীন হলে ব্যাংক পরিচালনায় যারা থাকেন সবাই দায়ী হতে বাধ্য। সবার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। তিনি বলেন, আমাদের সংসদ সদস্যের (শেখ ফজলে নূর তাপস) সঙ্গে একমত হয়ে বলব—বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিষয়ে অনতিবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। যে ব্যাংকই নানারকম ক্ষতির সম্মুখীন হবে ঐ ব্যাংকের যে বোর্ড অথবা পরিচালনা পর্ষদ থাকবেন তারা দায়ী হবেন। অন্ততপক্ষে তাদের ব্যাখ্যা দিতে হবে। অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো অলৌকিক কারণে বেসিক ব্যাংকটি বসে (ধ্বংস) যায়নি। নিশ্চয়ই মানবগঠিত নানারকম দুর্নীতির জন্য এই ব্যাংকটি বসে গেছে। এর আগে গত ১৪ অক্টোবর বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শেখ ফজলে নূর তাপস এমপি। তিনি বলেন, কোনো প্রভাবের কারণে যদি উনি বাচ্চুর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে থাকেন তাহলে উনার পদ থেকে সরে যাওয়া উচিত।