নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার রাতে জামপুর ইউনিয়নের কাঠারাবো গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত রওশন আরা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের কাঠারাব গ্রামের ইকবাল হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী জহিরুল হকের জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাতে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ইকবালের নেতৃত্বে লাভলু, মোজাম্মেল, নূর ইসলাম, নজরুল ইসলাম, মোতালিব, খোকা, আলাউদ্দিন, তাবারক, রুবেলসহ ১০-১৫ জনের একটি দল দা, লোহার রড, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় এবং জহিরুল হক ও তার স্ত্রী রওশন আরাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত রওশন আরা জানান, আমার ছেলে আনোয়ার হোসেন একটি জমি ক্রয় করে। ইকবাল ও তার লোকজন সেই জমি তাদের দাবি করে বিভিন্ন সময়ে আমাদের ওপর হামলা চালায়। তাদের দাবিকৃত জমির দালিলিক কোনো প্রমাণ নেই। তারপরও তারা এর মালিকানা দাবি করে। মঙ্গলবার রাতে এ নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে বাড়ি ফাঁকা পেয়ে আমাকে ও আমার স্বামীকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে তারা।
অভিযুক্ত ইকবালের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের জমি দখল করে রেখেছে জহিরুল হক ও তার ছেলে আনোয়ার হোসেন। এ নিয়ে আমাদের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
