ইসির সঙ্গে বৈঠক শেষে এইচ টি ইমাম

নির্বাচন কমিশনের ভূমিকা নির্মোহ ও নিরপেক্ষ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:৪২

নির্বাচন কমিশন এখন পর্যন্ত যথেষ্ট নিরপেক্ষ ভূমিকায় রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। তিনি বলেছেন, ইসির ভূমিকা এখন পর্যন্ত যথেষ্ট নিরপেক্ষ। তারা নির্মোহ থেকে আপ্রাণ চেষ্টা করছেন। গতকাল বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে এইচ টি ইমাম বলেন, ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুলের ওপর হামলা বিএনপির মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। স্থানীয়ভাবে গুলশান ও নয়পল্টন অফিসে মনোনয়ন বাণিজ্য নিয়ে যে তুমুল তোলপাড় হয়েছিল, সেটার বহিঃপ্রকাশ ঠাকুরগাঁওয়ে হয়েছে। তারা নিজেরা মারামারি করেছে। সেখানে আওয়ামী লীগের কেউ ছিল না। তিনি যে সেখানে যাবেন সেটি পুলিশকে জানাননি। তিনি বলেন, আওয়ামী লীগের ওপর হামলাগুলো বেশি হচ্ছে। আওয়ামী লীগের দুইজন সদস্য নিহত হয়েছেন। তৃণমূলে এই নেতারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আক্রমণ গ্রহণযোগ্য নয়।

বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মোঃ রফিকুল  ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরি ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রতিনিধিদের মধ্যে হাসান মাহমুদ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

চার পর্যবেক্ষক সংস্থায় আওয়ামী লীগের আপত্তি: নিবন্ধিত ১১৮টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার মধ্যে চারটি সংস্থার নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আপত্তি জানিয়েছে আওয়ামী লীগ। ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডশেন, লাইট হাউজ, মানবাধিকার সমম্বয়ক পরিষদ- এই চারটি সংস্থার বিরুদ্ধে মারাত্মক তথ্য আছে বলে দাবি দলটির। নির্বাচন কমিশনকে এই চারটি সংস্থাকে পর্যবেক্ষণের অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল নির্বাচন ভবনে এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা কমিশনের কাছে এ দাবি জানান। পরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, ডেমোক্রেসি ওয়াচ পরিচালনা করেন বিএনপিপন্থি সাংবাদিক শফিক রেহমানের স্ত্রী তালেয়া রহমান। অতীতে তারা ভোট কেন্দ্রে ঢুকে নির্বাচন পর্যবেক্ষণের নামে প্রভাবিত করার চেষ্টা করেছেন। খান ফাউন্ডেশন বিএনপি নেতা ড. মঈন খানের স্ত্রী পরিচালনা করেন। এটি একেবারেই দলীয়। নির্বাচনের আইন অনুযায়ী তারাই নির্বাচনে পর্যবেক্ষণ করতে পারবেন যাদের কোনো রাজনৈতিক দল ও আদর্শের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নেই। লাইট হাউজ এনজিও তারেক রহমান পরিচালনা করেন দাবি করে তিনি বলেন, লাইট হাউজ বগুড়ার। লাইট হাউজের প্রতিষ্ঠাতা তারেক রহমান নিজেই। লাইট হাউজের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আমাদের কাছে বিভিন্ন রকম তথ্য আছে।