রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব উদযাপিত

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৭:০৯

রাঙ্গামাটির জীবতলী ইউনিয়নের ধনপাতা বৌদ্ধ বিহারে পঞ্চশীল প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ১৫তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়েছে।

শুক্রবার দুপুরে বুদ্ধ পতাকা উত্তোলন ও ভিক্ষু সংঘকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন পুণ্যার্থীরা। এরপর বুদ্ধ মূর্তি দান, সংঘদান ও ভিক্ষু সংঘের ধর্ম দেশনা, অষ্টপরিস্কার দান, কল্পতরু দান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দানসহ নানাবিধ দান ও উৎসর্গসহ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

ধনপাতা বন বিহার উপাসক উপাষিকা পরিষদের আয়োজনে ১৫তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষে আয়োজিত ধর্মসভায় পূর্ণার্থীদের উদ্দেশ্যে প্রধান ধর্মদেশনা প্রদান করেন খাগড়াছড়ি আলুটিলা ভাবনা কেন্দ্রের অধ্যাপক করুনাবীর মহাস্থবির।

ধর্ম সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধনপাতা মৌজার হেডম্যান রুপায়ন চাকমা, উপাশক উপাশিকা পরিষদের দায়ক সুভাষ বসু চাকমা, সাবেক মেম্বার স্বপন দত্ত চাকমা, জীবতলী ইউনিয়নের মেম্বার দয়াময় চাকমা, ধনপাতা বন বিহার পরিচালনা পরিষদের সহ সাধারণ সম্পাদক চিরন বিকাশ দেওয়ান।

ধর্মীয় অনুষ্ঠানে পবিত্র মঙ্গলাচরণ পাঠ করেন, ধনপাতা বন বিহারের আবাসিক প্রধান  নতুন বংশ ভিক্ষু। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

ধর্মসভা ও পঞ্চশীল গ্রহণের পর চীবর দানের মাধ্যমে ‘বুদ্ধের অহিংসা বাণী ছড়িয়ে যাক মানুষের মাঝে এবং পুণ্যে ও জ্ঞানের মাধ্যমে সুখ-শান্তিসহ সামনের দিনগুলোতে শান্তি ফিরে আসুক সবার মাঝে’ এমন প্রার্থনার মধ্যদিয়ে পূণ্যার্থীরা বৌদ্ধ ভিক্ষুসংঘকে চীবর দানের মধ্যদিয়ে শেষ হয় চীবরদান উৎসব। আর বিকেলে অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন ও ফানুস বাতি উত্তোলন।

ইত্তেফাক/জেডএইচ