জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির নামে কার্যত বিএনপি ও ঐক্যফ্রন্ট অপরাধীদের পক্ষে ছাড় চাচ্ছে। নির্বাচন কমিশন বা প্রশাসনের কোনো আচরণে বা কোথাও কোনো জায়গায় পক্ষপাতিত্ব করা হচ্ছে না। মনে রাখতে হবে, অতীতে ১০ বছর ধরে যারা আগুন সন্ত্রাস, জঙ্গি-সন্ত্রাস, হত্যা-খুন, দুর্নীতি ও বিদেশে টাকা পাচারের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে পুরনো যে সব মামলা আছে প্রশাসন সেগুলো কার্যকর করছে এবং তা ধারাবাহিক প্রক্রিয়া। গতকাল বুধবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর মাদ্রাসা মাঠে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে নারী-পুরুষের সম্বন্বয়ে এক পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, নতুন করে কারোর বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি, নতুন করে কাউকে হয়রানিও করা হচ্ছে না। যেসব অপরাধীর বিরুদ্ধে ধারাবাহিক আইনি ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত আছে তার সাথে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই। অপরাধীদের পক্ষে ওকালতি করাটাই হচ্ছে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করে দেওয়া।
এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক সম্পাদক আলহাজ আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, ভেড়ামারা উপজেলা যুবজোটের সভাপতি ও চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, বাহাদুরপুর ইউনিয়ন জাসদের সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, অ্যাডভোকেট তানজিলুল ইসলাম এনাম, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, জনসংযোগ বিষয়ক সম্পাদক নবীর উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল নারী জোট ও জাসদ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
