বিনোদন ডেস্ক
হঠাত্ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন অমিতাভ বচ্চন। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলের তিনি। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের একটা বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
গত ৩ দিন ধরে ওই হাসপাতালের বেডে সময় কাটছে বিগ বি’র। আপাতত কেউ দেখতে যেতে পারছেন না এই অভিনেতাকে। পরিবারের সদস্য ছাড়া আর কারো সেখানে যাওয়ার অনুমতি দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
হেপাটাইটিস বি হওয়ার পর থেকে অমিতাভের লিভারের ৭৫ শতাংশই আর কাজ করে না। ১৯৮২ সালের দুর্ঘটনার পর থেকেই এই রোগ দানা বেঁধেছে তার শরীরে। তবে নিয়ম মেনে চলে এত বছর ধরে বলিউডে কাজ করে যাচ্ছেন অমিতাভ।
সম্প্রতি জানা যায়, অমিতাভ বচ্চন ধর্ম প্রোডাকশনস ও ফক্স স্টুডিও প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’ চলচ্চিত্রে অভিনয় করবেন। চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে অয়ন মুখার্জির এ ছবিটি। এতে প্রধান চরিত্রে আরো রয়েছেন নাগার্জুন, রণবীর কাপুর ও আলিয়া ভাট। এছাড়া তামিল সিনেমায় অভিষেক হতে চলেছে অমিতাভের। আর এরই ভেতরে অসুস্থ হয়ে পড়লেন তিনি।
