স্টুডিও থিয়েটার হলে ‘ডিয়ার লায়ার’

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২০:১৮

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উত্সব

বিনোদন রিপোর্ট

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতিতে চলছে ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উত্সব-২০১৯’। প্রতিদিন ৪টি হলে মঞ্চায়িত হচ্ছে ৪টি নাটক। আজ স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে নাট্যম রেপার্টরির প্রযোজনায় নাটক ‘ডিয়ার লায়ার’। ঊনিশ শতকের প্রথমদিকে বিশ্ব বিখ্যাত আইরিশ সাহিত্যিক ও নাট্যকার জর্জ বার্নাড শ’ প্রেমে পড়েন তখনকার প্রখ্যাত মঞ্চ অভিনেত্রী প্যাট্রিক ক্যাম্পবেল স্টেলার। স্টেলা ও বার্নাড শ’র মধ্যে যে গভীর প্রেম গড়ে উঠেছিল তা প্রকাশ পায় তাদের মধ্যে আদান-প্রদান করা কিছু চিঠিতে। কালের পরিক্রমায় তাদের এই ভালোবাসার চিঠিগুলো নিয়ে জেরমি টিমোথি কিলটি লিখেছেন নাটক ‘ডিয়াল লায়ার’। নাটকে শুধু প্রেম-ভালোবাসার কথাই ফুটে ওঠেনি, ফুটে উঠেছে তাদের পারিবারিক অবস্থার কথা, উঠে এসেছে ইউরোপিয়ান যুদ্ধের কথা, সঙ্গে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাও। তবে তাদের দু’জনের চিঠিতে যেটি বেশ লক্ষণীয় তা হলো ভালোবাসার মিষ্টি যুদ্ধ। যে যুদ্ধটা মঞ্চ সারথী আতাউর রহমান ও অপি করিম বেশ ভালোই জমিয়ে তুলেছেন। ‘ডিয়াল লায়ার’ নাটকটি অনুবাদ করেছেন প্রখ্যাত অনুবাদক অধ্যাপক আবদুস সেলিম এবং নির্দেশনা দিয়েছেন গুণী নির্দেশক ড. আইরিন পারভীন লোপা।