মানুষ বিএনপির অত্যাচার নির্যাতনের কথা ভুলে যায়নি :তোফায়েল

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:৪৫

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মানুষ বিএনপির নিষ্ঠুর অত্যাচার, নির্যাতন, হত্যা, নারী ধর্ষণের কথা ভুলেনি। তাদের আমলে দেশে সীমাহীন অত্যাচার হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে তার জবাব দিবে বাংলার মানুষ।

বাণিজ্যমন্ত্রী বুধবার শহরের গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তোফায়েল বলেন, বিএনপির প্রার্থীরা এখন পর্যন্ত মাঠে যায়নি। আর গত তিন মাস ধরে আমরা সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়েছি। উঠান বৈঠক, পথসভার মাধ্যমে নির্বাচনী মাঠে রয়েছি। কোনো জোর জবরদস্তির মধ্যে আওয়ামী লীগ নেই। গত ১০ বছর ভোলায় আমাদের দ্বারা বিএনপির কেউ অত্যাচারিত হয়নি। তিনি বলেন, তারা (বিএনপি) যদি আবার রাষ্ট্র ক্ষমতার স্বাদ পায়, তাহলে প্রথম দিনেই এক লাখ মানুষকে হত্যা করবে। বিএনপি আমলে ভোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন। কিন্তু আমরা তার জন্য মঞ্চ তৈরি করতে পারিনি। ট্রাকের উপর দাঁড়িয়ে মিটিং করতে হয়েছে।

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ভোলার নদী ভাঙ্গন সমস্যার কথা উল্লেখ করে আরো বলেন, সরকারের আন্তরিকতায় প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে নদী ভাঙ্গা রোধ করা সম্ভব হয়েছে। এতে করে সাধারণ মানুষ খুবই আনন্দিত। যার প্রতিফলন আসন্ন নির্বাচনে তারা দেখাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এখানে প্রচুর গ্যাস রয়েছে। সেই গ্যাস দিয়ে ইন্ডাস্ট্রি হচ্ছে। ভোলায় ১৮শ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত্ কেন্দ্র হবে। ভোলাকে শিল্পনগরী হিসাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বেকারদের কর্মসংস্থানের সুযোগ হবে। ভোলা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা।

তিনি বলেন, ভোলার এক সময়ের বিচ্ছিন্ন চর ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নে আগে পায়ে হাঁটতে হতো। একটা ইট ছিল না। সরকারের ব্যাপক উন্নয়নে আজকে সেই জনপদের মানুষ ১০ মিনিটে সড়কপথে ভোলা সদরে আসে। সেখানে রাস্তাঘাট পাকা, বিদ্যুতের আলোয় আলোকিত। দেখলে শহর মনে হয়।

এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, প্রেসক্লাব সম্পাদক সামস উল আলম মিঠুসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।