খাবার দাবারের ধরন, ব্যায়াম না করার অভ্যাস আর শরীরের বাড়তি ওজন—প্রায় ৪০ শতাংশ ক্ষেত্রে এসবই ক্যানসারের কারণ। আবার সব ধরনের ক্যানসারের প্রায় ৩০ শতাংশই খাবারের সঙ্গে সম্পর্কযুক্ত। খাবারের ধরন ক্যানসারের একটা রিস্ক ফ্যাক্টর। খাদ্যাভ্যাস পরিবর্তন করে ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। অতএব, খাবার হচ্ছে ক্যানসারের পরিবর্তনযোগ্য রিস্ক ফ্যাক্টর। খাবারে বেশি বেশি ফলমূল, শাকসবজি থাকলে কোনো কোনো ক্যানসার ও ক্রনিক অসুখ কম হয়। এসব খাবারে আছে ক্যানসার প্রতিরোধী কিছু উপাদান। ক্যানসার প্রতিরোধী কয়েকটি খাবারের উদাহরণ হচ্ছে :
টম্যাটো :টম্যাটোতে আছে প্রচুর লাইকোপিন নামক শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট। টম্যাটো সস্, টম্যাটো পেস্ট বা টম্যাটো ক্যাচাপ লাইকোপিনের ঘন উত্স। লাইকোপিন পুরুষদের প্রস্টেট আর নারীদের জরায়ুর মুখ ও ডিম্বাশয়ে ক্যানসার হওয়ার সম্ভাবনা কমাতে সহায়ক। এ ছাড়া বৃহদন্ত্র, মলাশয়, পাকস্থলী, গ্রাসনালি ইত্যাদি অঙ্গের ক্যানসার প্রতিরোধেও টম্যাটো সহায়ক বলে বিভিন্ন গবেষণায় প্রমাণ।
গাজর, পাকা পেঁপে, মিষ্টি আলু,
লালশাক:এগুলো শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট ‘বিটা ক্যারোটিনের’ গুরুত্বপূর্ণ উত্স। এসব খাবার নিয়মিত খেলে অনেক ধরনের ক্যানসার হওয়ার সম্ভাবনা কমে।
শিম :শিমের ফাইটোকেমিক্যাল ‘আইসোফ্ল্যাভোন’ প্রস্টেট ক্যানসার প্রতিরোধে কার্যকর বলে ধারণা করা হয়।
পালংশাক:সবুজ শাকের মধ্যে পালংশাক সেরা। এতে আছে প্রচুর পরিমাণে লুটিন ও ভিটামিন ই। পালংশাকের এন্টি-অক্সিডেন্ট লিভার, ডিম্বাশয়, কোলন ও প্রস্টেটের ক্যানসার প্রতিরোধে কার্যকর।
রসুন :গ্রাসনালি, পাকস্থলী ও স্তনের ক্যানসার কমাতে রসুন কার্যকর। রান্না করার মিনিট দশেক আগে কুচি কুচি করে কেটে রেখে দিলে রসুনের ক্যানসার প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায়।
চা :চায়ে আছে শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট ‘ইজিসিজি’। এটি পাকস্থলী, লিভার ও ত্বকের ক্যানসার প্রতিরোধে কার্যকর। কালো চায়ের চেয়ে সবুজ চা-ই বেশি ভালো। সবুজ চায়ে এন্টি-অক্সিডেন্টের পরিমাণ বেশি। আমাদের হাতের কাছেই আছে প্রচুর ফলমূল ও শাকসবজি। এসবের বিভিন্ন এন্টি-অক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল আমাদের জন্য অত্যন্ত জরুরি। ক্যানসার প্রতিরোধে সহায়ক। স্বাস্থ্যকর দীর্ঘ জীবনের জন্য এবং ক্যানসার প্রতিরোধের আশায় আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফলমূল ও শাকসবজি থাকা একান্ত আবশ্যক। আর চা-ও পান করা উচিত দৈনিক কয়েক কাপ।
nঅধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ্
বিভাগীয় প্রধান
কমিউনিটি মেডিসিন বিভাগ
কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ
