সিউলে মার্কিন দূতাবাসে অনুপ্রবেশের অভিযোগে ১৯ কোরীয় ছাত্র আটক

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:১৩

 রয়টার্স

সিউলে যুক্তরাষ্ট্রের দূতাবাসে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দক্ষিণ কোরিয়ার ১৯ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও ফুটেজের ভিত্তিতে শুক্রবার ঐ শিক্ষার্থীদের আটক করা হয়। ‘প্রোগ্রেসিভ ইউনিভার্সিটি স্টুডেন্টস’ নামে একটি গ্রুপ থেকে ঐ ছবি ও ভিডিও ফেইসবুকে পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, একদল তরুণ মই বেয়ে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হ্যারি হ্যারিসের বাসভবনের সীমানা প্রাচীরের ওপর উঠেছে। অন্য একটি লাইভ ভিডিওতে দূতাবাস প্রাঙ্গণের ভেতর থেকে যুক্তরাষ্ট্র বিরোধী নানা স্লোগান দিতে এবং দাবি জানাতে দেখা যায়।

তাদের বলতে শোনা যায়, ‘আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করো’, ‘চলে যাও’ ‘আমাদের যুক্তরাষ্ট্রের সেনা প্রয়োজন নেই’। তাদের হাতে একটি ব্যানারে লেখা ছিল ‘হ্যারিস আমাদের ভূমি ছেড়ে যাও’।

যুক্তরাষ্ট্রের প্রায় সাড়ে ২৮ হাজার সেনা নিরাপত্তা জনিত কারণে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন আছে। কীভাবে দুই দেশের মধ্যে ঐ সেনাদের ব্যয়ভার ভাগ করা যায় সেটা নিয়ে সম্প্রতি ওয়াশিংটন ও সিউলের কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন। ১৯ শিক্ষার্থীকে আটকের বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, আটক শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে গত জানুয়ারিতে একদল শিক্ষার্থী জোর করে যুক্তরাষ্ট্রের দূতাবাসে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ সেবার তাদের আটকাতে সক্ষম হয়।