jv জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর ও আলীপুর গ্রামের মধ্যবর্তী স্থানে কচুরিপানাবেষ্টিত খালের পানি থেকে সিএনজি অটোরিকশাচালক মামুন আহমদের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মামুন আহমদ জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের আব্দুল মালিকের ছেলে। গতকাল শুক্রবার সকাল ১১টায় জগন্নাথপুর থানা পুলিশ নিহত মামুনের মৃতদেহ উদ্ধার করেছে।
নিহত মামুনের ভাই টিপু মিয়া জানান, মামুন বৃহস্পতিবার রাত ৮টায় যাত্রী নিয়ে নবীগঞ্জ উপজেলা সদরে যায়। রাত সাড়ে ৯টায় মামুন আহমদের মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ব্যবহূত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ হলে পরে সকল স্থানে খোঁজ করে তাকে পাওয়া না গেলেও তার ব্যবহূত সিএনজি অটোরিকশাটি ইনাতগঞ্জ বাজারে গাড়ি স্ট্যান্ডে পাওয়া যায়।
থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, উদ্ধারকৃত লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মামুনকে নৃশংস কায়দায় হত্যা করে ঐ স্থানে লাশ ফেলে দেয়।
