jvপীরগাছা (রংপুর) সংবাদদাতা
পীরগাছা উপজেলা কৃষি বিভাগ ইঁদুর নিধনে শতাধিক চোঙা ফাঁদ কৃষকদের মাঝে বিতরণ করে দায় সেরেছে বলে অভিযোগ উঠেছে। চলতি মৌসুমে আমনখেতে ইঁদুরের আক্রমণে দিশাহারা হয়ে পড়েছে কৃষক। এ পরিস্থিতিতেও কৃষকরা কৃষি বিভাগের সহযোগিতা চেয়ে পাচ্ছে না। বাজারের কীটনাশক ও স্থানীয়ভাবে ফাঁদ তৈরি করেও ইঁদুর ঠেকানো যাচ্ছে না। এ অবস্থায় দিশাহারা কৃষকদের মাঝে সম্প্রতি উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে বাঁশ দিয়ে তৈরি মাত্র ১০০ চোঙা ফাঁদ বিতরণ করেছে কৃষি বিভাগ। খেতের ধান কেটে সাবাড় করে ফেলছে ইঁদুর। ইঁদুরের কবল থেকে রক্ষা পেতে সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন কৃষক। কৃষকরা খেতে বিষমাখা বিভিন্ন পদ্ধতিতে টোপ, আতপ চালের টোপ কিংবা ফাঁদ পেতেও কোনো প্রতিকার পাচ্ছেন না। কান্দি ইউনিয়নের দাদন গ্রামের কৃষক আব্দুর ছালাম জানান, ‘ধানগাছ বেড়ে ওঠার সময় হঠাত্ করে ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। স্থানীয়ভাবে লাড্ডু ও কাঁকড়ায় কীটনাশক মিশিয়ে জমিতে দেওয়া হচ্ছে। শুনেছি ইঁদুর নিধনের চোঙা ফাঁদ নাকি কার্যকর।
উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান বলেন, ‘ইঁদুর দমনে কার্যকরী পদ্ধতি হচ্ছে চোঙা ফাঁদ। জমিতে পানি থাকলেও এ পদ্ধতি কাজ করে। আমরা উপজেলা পরিষদের সহযোগিতায় ১০০ চোঙা ফাঁদ কৃষকদের মাঝে বিতরণ করেছি। উপসহকারী কৃষি কর্মকর্তারা চোঙা ফাঁদসহ বিভিন্ন পদ্ধতিতে ইঁদুর দমনের জন্য কৃষকদের পরামর্শ দিতে মাঠে কাজ করছেন।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সরওয়ারুল হক বলেন, ‘ইঁদুর ফসলের ব্যাপক ক্ষতি করে। তাই ইঁদুর নিধনে সকলকে একসঙ্গে মাঠে নামতে হবে। ইঁদুর নিধনে কৃষকদের পরামর্শের জন্য মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
