jvটাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে গতকাল শুক্রবার মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ঃ দর্শন ও কাঠামো’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজচিন্তক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ড. আবুল কাশেম ফজলুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ইসলামী বিশ্ববিদ্যালয়ের দর্শন মূলত মানবিক ও নৈতিক শিক্ষাদর্শনের কাঠামো। তিনি দেশের বর্তমান বাস্তবতা বিবেচনায় মওলানা ভাসানীর শিক্ষাদর্শন, জীবনদর্শন ও রাষ্ট্রদর্শনকে উপলব্ধি করে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করতে সবার প্রতি আহ্বান জানান।
ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনার উদ্বোধন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিক ও কবি বুলবুল খান মাহবুব। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপদেষ্টা সৈয়দ ইরফানুল বারী। আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মাহবুব বোরহান, ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ফাউন্ডেশনের উপদেষ্টা ও টাঙ্গাইল ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জি এম শফিউর রহমান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মতিউর রহমান ও ড. আনিসুর রহমান আনিস। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু।
