কাঁঠালবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা ব্যাপক উত্সাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লাভলু হাওলাদার তুহিনকে সভাপতি ও জাকারিয়া মোল্লাকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঢালী ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর উপস্থিত ছিলেন।
কালিহাতীতে ইনতিজার শিশুবৃত্তি প্রদান
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইল থেকে প্রকাশিক সাপ্তাহিক ইনতিজার পত্রিকার আয়োজনে শুক্রবার শিশুবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে এলেঙ্গা রিসোর্ট লি. এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ মো. আনোয়ারুল কবিরের সভাপতিত্বে ও সাংবাদিক মাছুদুর রহমান মিলনের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো. রাসেল মনির। প্রধান অতিথি ছিলেন এলেঙ্গা পৌরসভার মেয়র মোহাম্মদ নূর এ আলম সিদ্দিকী।
কমরেড জসীম মণ্ডলের স্মরণসভা
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা উপমহাদেশের বিশিষ্ট কমিউনিস্ট নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা এবং উত্তরাঞ্চলের প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড জসীম উদ্দিন মন্ডলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে স্মরণসভার আয়োজন করা হয়। প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সিপিবির পাবনা জেলা সভাপতি কমরেড আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ ক্বাফী রতন।
প্রতিবন্ধী বিদ্যালয়ে মতবিনিময় সভা
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোলের মুকুন্দপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকুন্দপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জালাল উদ্দীন। সভায় প্রধান অতিথি ছিলেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের যুগ্মসচিব ও বিশিষ্ট লোকসংস্কৃতিবিদ ড. অমল কান্তি রায়। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশের সভাপতি এটিএম মমতাজুল করিম।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ
বগুড়া অফিস বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের পক্ষ থেকে শুক্রবার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের পদ্মপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৬টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও সংসদ সদস্য আব্দুল মান্নান কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া ইউনিটের সেক্রেটারি এ কে এম সুরুতজামান। বিশেষ অতিথি ছিলেন সোনাতলা উপজেলা চেয়ারম্যান মিনহাজউজামান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান, বগুড়া ইউনিট কার্যনির্বাহী সদস্য আবু ওবায়েদ মোহাম্মদ বাকি প্রমুখ।
‘ধর্মতীর্থ গণহত্যা দিবস’ পালিত
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা সরাইলের কালীকচ্ছ ইউনিয়নের ‘ধর্মতীর্থ গণগত্যা দিবস’ পালিত হয়েছে শুক্রবার। ১৯৭১ সালের এই দিনে ধর্মতীর্থ এলাকায় বর্বর পাকসেনারা রাজকারদের সহায়তায় উপজেলার চুন্টা ও কালীকচ্ছ ইউনিয়নের শতাধিক নারী-পুরুষকে একত্র করে ধর্মতীর্থ এলাকায় নির্যাতন ও গণহত্যা করে। দিবসটি উপলক্ষ্যে প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চিহ্নিত ধর্মতীর্থ বধ্যভূমিতে সাবেক সংসদ সদস্য সুলেখক অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেনের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর কালীকচ্ছ ইউনিয়ন শাখা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার রমেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
মা ইলিশ রক্ষা অভিযানের অগ্রগতি
বিষয়ে সংবাদ সম্মেলন
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান চলমান অভয়াশ্রমের অগ্রগতির বিষয়ে বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। অভিযানের অগ্রগতি ও বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মাজেদুর রহমান খান। আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, নৌ-পুলিশের এসপি জমশের আলী প্রমুখ।
পরিবার কল্যাণ সহকারী কর্মচারীদের মানববন্ধন
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা কসবায় বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিবার কল্যাণ সহকারী কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন করা হয়। পরিবার কল্যাণ সহকারীদের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে উল্লেখ করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিবার কল্যাণ সহকারী সমিতির সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক উম্মে সালমা ফার্সি ও সমিতির সদস্য শারমিন আকতার।
শিক্ষা উপকরণ বিতরণ
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার মান উনয়নের লক্ষ্যে বৃহস্পতিবার স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ এবং নকলমুক্ত পরিবেশে জেএসসি, জেডিসি ও এসএসসি পরীক্ষা পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) অতনু কিশোর দাস মুন, জেলা পরিষদ সদস্য এমএম আমিরুল ইসলাম লিটন সিকদার প্রমুখ।
বিডিএমএ’র নির্বাচনী মতবিনিময় সভা
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিডিএমএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার ডা. বাবু-ডা. আমিন পরিষদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন বৃহত্তর ময়মনসিংহের সদস্যদের অংশগ্রহণে নগরীর জোবেদা কমিউনিটি সেন্টারে বিডিএমএ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ডা. মাহামুদুর রহমান লেবুর সভাপতিত্বে ডা. আজাহারুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিডিএমএ) কেন্দ্রীয় সভাপতি পদপ্রার্থী ডা. এম সাহিদুর রহমান বাবু, মহাসচিব প্রার্থী ডা. মো. নুরুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।
পরিবার কল্যাণ সহকারীদের মানববন্ধন
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা পরিবার কল্যাণ সহকারীদের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে উল্লেখ করার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে তালায় মানববন্ধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও তালা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবার কল্যাণ সমিতি তালা উপজেলার শাখার পক্ষ থেকে এ মানববন্ধন করা হয়। উপজেলা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী সামছুর নাহার, সাধারণ সম্পাদক আদরী পারভীন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
