জাহাঙ্গীর আলম জাহান
হাডুডু বা ক্রিকেট খেলা
খেলবে যদি বিকেলবেলা
সবাই এসো মাঠে
কিন্তু মাঠের নাম-ঠিকানা
দেখছি না তল্লাটে।
আগের মতো কোথায় মাঠ
মাঠের বুকে আজ বিরাট
উঠছে দালান ঘর
মাঠ নিধনের কার্য এখন
চলছে নিরন্তর।
নেই বিনোদন, খেলাধুলা
নাকের ডগায় ঝুলছে মূলা
হায় রে মূলার ধরন
সবাই করে মাঠ দখলের
কীর্তি অনুসরণ।
