স্মরণ

দিল মনোয়ারা মনু :আমার বোন, আমার বন্ধু

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:৩০

আফরোজা পারভীন

মনু আপার জন্য শোকগাথা লিখতে হবে, তাও এত তাড়িতাড়ি, ভাবিনি। রিজিয়া রহমান আপা চলে যাবার ধাক্কাটাই এখনো কাটিয়ে উঠতে পারিনি। কাটিয়ে উঠতে পারেননি মনু আপাও। সে কথাই বলছিলেন দিন দশের আগে তার লালমাটিয়ার বাসায়। মনু আপা ডেকে ছিলেন। বেশিদিন দেখা না হলেই ডাকতেন। বলতেন, ‘একবার এসো, অনেকদিন দেখিনি। আমার পায়ে সমস্যা তো তাই।’ অর্থাত্ পা ভালো থাকলে আমি গিয়ে দেখে আসতাম। এসেছেনও। আপাকে বলতাম না, আমারও পায়ে সমস্যা।

অনেক গল্প করেছিলাম সেদিন। জেনেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্কের কথা। ইডেন কলেজ থেকেই শেখ হাসিনার সঙ্গে তার পরিচয়। তিনি তখন শুধুই হাসু। কিন্তু তুখোড় নেত্রী। একবার হলে আন্দোলন হলে মনু আপার পুলিশ পিতা এসেছিলেন। সে আন্দোলনে মনু আপাও ছিলেন। পিতাকে দেখে আস্তে পেছনে সরে গিয়েছিলেন। শেখ হাসিনার সঙ্গে আলাপ করে পিতা চলে যাবার পর উচ্ছ্বসিত শেখ হাসিনা বলছিলেন, ‘পুলিশটা খুব ভালো।’ তখনই শুধু মনু আপা শেখ হাসিনাকে জানিয়েছিলেন উনি তার পিতা। আপা বলেছিলেন প্রয়াত আখতার ভাইয়ের কথা, নূরজাহান বেগমের সঙ্গে আর অনন্যায় তার কাজের অভিজ্ঞতা। কচি-কাঁচার মেলা, মহিলা পরিষদ আর নিজেরা করির কত গল্প করেছিলেন আপা। আর কোনো দিন বলতে পারবেন না বলেই বোধহয় সেদিন কথার ডালি খুলে দিয়েছিলেন। আপার ইচ্ছে ছিল মাননীয় প্রধানমন্ত্রী ভবিষ্যতে প্রেসক্লাবে এলে তার সঙ্গে দেখা করার। সে দেখা আর হলো না।

 সেদিন আমরা পরিকল্পনা করেছিলাম রিজিয়া আপাকে নিয়ে একটা স্মরণসভা করার। ভাবিনি রিজিয়া আপার স্মরণসভার সঙ্গে আরেকটি স্মরণসভার কথাও ভাবতে হবে।

রিজিয়া আপার কুলখানিতে দুজনে গিয়েছিলাম একসঙ্গে। দুজনের চোখই ছিল  ভেজা। ফেরার পথে আপার এক ভাইয়ের বাসায় নিয়ে গিয়েছিলেন। খুব সুন্দরী এক মহিলার ছবি দেখিয়ে বলেছিলেন, ‘উনি আমার ভাবি। অনেক অল্পবয়সে চলে গেলেন।’ তখন কি মনু আপা বা আমি জানতাম, মাত্র এক মাসের মধ্যে আপা চলে যাবেন!

কোনো অনুষ্ঠানে যাবার আগে ফোনে জানতে চাইতেন আমি যাব কি না। শনিবার জানতে চেয়েছিলেন ঐ দিনের একটা অনুষ্ঠানে যাব কি না। সে-ই আপার সঙ্গে শেষ কথা ।

 সেদিন আপার বাসায় যাবার সময় সারা রাস্তা ফুল খুঁজেছিলাম। পাইনি। বলেছিলাম,

: আপা আপনি ফুল ভালোবাসেন । দোলনচাঁপা আনতে চেয়েছিলাম। পেলাম না।

আপা হেসে বলেছিলেন,

: আরেক দিন এনো।

চতুর্ভুজের শেষ বাহু আমি, রাশি রাশি দোলনচাপা নিয়ে দাঁড়িয়ে আছি। একবার আসুন। হাতে হাতটি রাখুন। 

n লেখক :কথাসাহিত্যিক