অধিনায়কত্ব হারালেন সরফরাজ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:৩৩

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপের আগে থেকেই সরফরাজ আহমেদের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ছিল। সে দফা নতুন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি এহসান মানি তার পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু এবার শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর আর শেষ রক্ষা হলো না। পিসিবিই পাকিস্তান টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে বাদ দিয়ে দিয়েছে সরফরাজকে। সেই সঙ্গে অস্ট্রেলিয়া সফরের এই দুই দলেও জায়গা হয়নি এই সদ্য সাবেক অধিনায়কের।

সরফরাজের বদলে টেস্টে অধিনায়কত্ব করবেন আজহার আলী। আর টি-টোয়েন্টিতে সেই দায়িত্বটা পালন করবেন সাবেক সহঅধিনায়ক বাবর আজম। পিসিবি জানিয়েছে, আগামী বছর জুলাইয়ের আগে যেহেতু দলের ওয়ানডে খেলা নেই, তাই ওয়ানডে অধিনায়ক তারা পরে ঘোষণা করবে।

অস্ট্রেলিয়া তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর এখানেই দুই টেস্টের সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তানের টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। আর ১২ মাসেরও কম সময়ের মধ্যে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরকম একটা সময়ে অধিনায়কত্ব ও দলে জায়গা হারালেন সরফরাজ।

সরফরাজকে অধিনায়কত্ব ও দল থেকে সরিয়ে দেওয়াটা যে সহজ সিদ্ধান্ত ছিল না, তা বলেছেন পিসিবির চেয়ারম্যান এহসান মানি। তিনি বলেছেন, ‘সরফরাজ আহমেদের মতো একজন খেলোয়াড়, যে দলের হয়ে ও নেতা হিসেবে দারুণ পারফরম করেছে এক সময়, তাকে সরিয়ে দেওয়াটা সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু ওর ফরম ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলাটা এখন চোখে পড়ছে। ফলে দলের বৃহত্তর স্বার্থে এবং ওকে নিজেকে পুনর্গঠিত করে ফিরে আসার স্বার্থে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’

এহসান মানি এরপর বলেছেন তিনি বিশ্বাস করেন, সরফরাজ আবার নিজের যোগ্যতা দিয়ে দলে তার জায়গা করে নেবেন, ‘পাকিস্তান দলে সরফরাজের অবদানের কোনো তুলনা হয় না। সে অত্যন্ত লড়াকু একজন ক্রিকেটার। আমার কোনো সন্দেহ নেই যে, সে আবার লড়াই করে পাকিস্তানের জার্সিতে ফিরে আসবে।’

মিসবাহ-উল-হক অবসর নেওয়ার পর পাকিস্তানের অধিনায়কত্ব শুরু করেন সরফরাজ। এরপর তার অধীনে পাকিস্তান দল ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জেতে। এছাড়া তার সময়েই পাকিস্তান টি-টোয়েন্টির এক নম্বর দল হয়। কিন্তু টেস্টে এই সময়ে পাকিস্তানের পারফরম্যান্স ছিল খুব খারাপ। আর সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারায় দুই ফরম্যাটেই অধিনায়কত্ব হারিয়েছেন সরফরাজ।

ব্যাট হাতেও সরফরাজের সময়টা ভালো যাচ্ছিল না। গত ৫ বছরে সরফরাজের কোনো টেস্ট সেঞ্চুরি নেই। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ৬ ইনিংসের মধ্যে তিনটিতে শূন্য রানে ফিরেছেন তিনি। টি-টোয়েন্টিতেও বলার মতো কোনো স্কোর নেই অনেক দিন হলো।

সরফরাজের বদলে টেস্ট অধিনায়কত্ব পাওয়া আজহার আলী এখন পাকিস্তানের সেরা টেস্ট ব্যাটসম্যান। টেস্ট খেলার জন্যই ওয়ানডে ছেড়ে দেওয়া এই তারকা অধিনায়কত্ব পেয়ে খুব খুশি, ‘খেলাটার এই সেরা ফরম্যাটে পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়ার চেয়ে বড়ো সম্মান আর কিছু হতে পারে না। আমি অত্যন্ত সম্মানিত, রোমাঞ্চিত ও গৌরব বোধ করছি। আমি দলের সবার সহায়তায় আমার প্রতি এই যে বিশ্বাস রাখা হয়েছে, সেটাকে যুক্তিযুক্ত বলে প্রমাণ করতে পারব বলে আশা করি।’

টি-টোয়েন্টিতে এখন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বাবর আজমও অধিনায়কত্ব পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘বিশ্বের এক নম্বর দলের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা হওয়াটা আমার ক্যারিয়ারের সেরা প্রাপ্তি। আমি এই চ্যালেঞ্জের জন্য তৈরি।’