সাবেক ক্রিকেটাররাই হবেন টিম ডিরেক্টর

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:৩৪

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর তথা বঙ্গবন্ধু বিপিএলে সাত দলের এক জন করে টিম ডিরেক্টর থাকবেন। টিম ডিরেক্টররা হবেন বিসিবি পরিচালকরা। মিরপুর স্টেডিয়ামে বৃহস্পতিবারও সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেছিলেন, ‘আমরা ঠিক করেছি যে, প্রত্যেকটি দলের সঙ্গে এক জন করে বোর্ডের পরিচালককে আমরা নিয়োগ দিব। সেই দলের সঙ্গে দায়িত্বে থাকবে সে এবং এরপর আমাদের কোচ থাকবে।’

বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গতকাল জানিয়েছেন, টিম ডিরেক্টর কারা হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহেই দল অনুযায়ী পরিচালকদের দায়িত্ব বণ্টন করা হবে। তবে টিম ডিরেক্টর হিসেবে অগ্রাধিকার পাবেন বিসিবি পরিচালকদের মধ্যে থাকা সাবেক ক্রিকেটাররা।

গতকাল বিসিবির এই পরিচালক বলেছেন, ‘সাবেক ক্রিকেটাররাই দায়িত্ব পেতে পারেন। এখনো চূড়ান্ত হয়নি বিষয়গুলো। আকরাম ভাই, দুর্জয় ভাই, সুজন ভাইরা আছে। সবকিছু চূড়ান্ত করেই আপনাদের জানাব।’

এদিকে জানা গেছে, সিলেট বিভাগীয় দলের দায়িত্ব পেতে পারেন তানজিল চৌধুরী।