রাঙ্গামাটি ও কুমিল্লার শিরোপা লাভ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:৩৪

চট্টগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

কুমিল্লা ও রাঙ্গামাটি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে চট্টগ্রাম বিভাগীয় পর্বে চ্যাম্পিয়ন হয়েছে।

গতকাল শুক্রবার সাগরিকাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে সাগরের দেওয়া একমাত্র গোলে কুমিল্লা জেলা বালক দল ১-০ গোলে ফেনী জেলা বালক দলকে পরাজিত করে। একই ভেন্যুতে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনালে থুইমা চিং মারমার দেওয়া গোলে রাঙ্গামাটি জেলা বালিকা দল একই ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বালিকা দলের বিরুদ্ধে জয়ী হয়।

ফেনী ও কুমিল্লার মধ্যকার খেলায় অধিকাংশ সময়ে আক্রমণে ছিল ফেনী জেলা দল। কিন্তু দুর্ভাগ্য দলটির। ফরোয়ার্ডদের দক্ষতার ঘাটতিতে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। বিভাগীয় পর্যায়ের ফাইনালে বিজয়ী দল দুটি ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত আসরে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করবে।

খেলা শেষে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নুরুল আলম নিজামী, স্থানীয় সরকারের পরিচালক দীপক চক্রবর্তী, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র প্রফেসর নেছার আহমেদ মঞ্জু ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মনোরঞ্জন দেসহ বিভাগীয় ও বিভিন্ন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন।