‘মানব ইতিহাসে শেখ রাসেলকে হত্যা ঘৃণ্য অপরাধ’

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:৩৫

নানা আয়োজনে জন্মদিন উদ্যাপিত

বিশেষ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শহিদ শেখ রাসেলের জন্মদিন গতকাল শুক্রবার নানা কর্মসূচির মধ্যদিয়ে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানগুলোতে বক্তারা বলেন, মানব সভ্যতার ইতিহাসে শেখ রাসেলকে হত্যা ঘৃণ্য অপরাধ।

১৯৬৪ সালের এই দিনে শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহত শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘মানব সভ্যতার ইতিহাসে শেখ রাসেলকে হত্যা ঘৃণ্য অপরাধ।’ সভ্যতার ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ডে কোনো নারী বা শিশুকে টার্গেট করা হয় না। তিনি বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ডে নারী-শিশু হত্যা করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় ১০ বছরের অবুঝ শিশু শেখ রাসেলকেও হত্যা করা হয়। এটি ঘৃণ্য অপরাধ।’

পরে বনানী কবরস্থান মসজিদে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহিদদের স্মরণে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগসহ সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, শেখ রসেল শিশু-কিশোর পরিষদ, শিশু একাডেমি, শেখ রাসেল শিশু সংসদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন।