বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনের (বিএসসিআই) কার্যকরী কমিটির নির্বাচন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। উত্সবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. এএকেএম ফজলুর রহমান সভাপতি এবং জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের প্রখ্যাত কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. মীর জামাল উদ্দিন বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। হোটেল সোনারগাঁওয়ে দিনভর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২১ সদস্যের নতুন কার্যকরী কমিটিকে ফুলেল শুভেচ্ছায় স্নাত করেন সারাদেশ থেকে আগত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা। নির্বাচিত হওয়ার পর বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশে ইন্টারভেনশনাল কার্ডিওলজিকে আরো সমৃদ্ধ ও উন্নতির মাধ্যমে দেশবাসীকে উন্নততর সেবা প্রদানে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
