ইত্তেফাক রিপোর্ট
নারী আন্দোলনের অনেক সফলতা রয়েছে। তার পরেও নারী আন্দোলনের পথে বড়ো বাধা ধর্মান্ধতা, জঙ্গিবাদ-মৌলবাদ ও গণতন্ত্রের সংকট। তাই নারী আন্দোলন ও সংগঠনের গুণগত মান বৃদ্ধি করতে তরুণ প্রজন্মকে যুক্ত এবং সকল প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ দূরীকরণে একসাথে কাজ করতে হবে।
গতকাল শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহিলা পরিষদের কর্মী সম্মেলন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদের উপপরিষদ এই সম্মেলনের আয়োজন করে। ‘সংগঠকের গুণগত মান বৃদ্ধি করি, সংগঠনের স্থায়িত্ব নিশ্চিত করি’-এই স্লোগানকে সামনে রেখে সংগঠকদের মধ্যে সমন্বয়সাধন এবং সংগঠনকে শক্তিশালী ও সংহতকরণে এবং নতুন নেতৃত্ব তৈরির লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পরিষদের প্রচার ও গণমাধ্যম সম্পাদক দিল মনোয়ারা মনুর মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারী আন্দোলনকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অনুযায়ী এগিয়ে নিতে এবং সংগঠনের গুণগত মান বৃদ্ধি করতে তরুণ প্রজন্মকে যুক্ত করতে হবে। নারী আন্দোলনের অনেক সাফল্য আছে যার ফল আমরা গ্রহণ করতে পারছি কিনা তা আমাদের দেখতে হবে। এই আন্দোলন এগিয়ে নেওয়ার পথে গণতন্ত্রের সংকট ধর্মান্ধতা, জঙ্গিবাদ ও মৌলবাদের প্রতিবন্ধকতা। এসব দূরীকরণে আমাদের একসাথে কাজ করতে হবে।
ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনুস বলেন, বর্তমান সময়ে আমরা এক ধরনের সামাজিক সংকট এবং অবক্ষয়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই অবক্ষয় আজ পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এই ক্ষেত্রগুলো পরিবর্তনের দায়িত্ব আমাদের সকলের। বাংলাদেশ মহিলা পরিষদ সমস্ত অবক্ষয় দূর করে একটি যুক্তিবাদী, মানবিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের জন্য যে কাজ করে যাচ্ছে, তার সাথে তরুণ প্রজন্মকে যুক্ত করতে।
সভাপতির বক্তব্যে পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারী আন্দোলন দৃশ্যমান হতে সময় লেগেছিল প্রায় ২০০ বছর। মহিলা পরিষদ বাংলাদেশের একমাত্র অরাজনৈতিক সংগঠন যা নারীর অধিকার আদায় ও সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে। পরিষদের কর্মী সংগঠকরা সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে। এই সংগঠন সকল স্তরের নারীর দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কাজ করে। সম্মেলনে আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সম্পর্কে আলোচনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম। তরুণীদের সংগঠনে অন্তর্ভুক্তকরণ সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুম্মানা জামান তপা। সম্মেলনে বিভিন্ন জেলা শাখা থেকে আগত ৩০০ তরুণ সংগঠক উপস্থিত ছিলেন।
