বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যাত্রী আটক

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:৪৮

ইত্তেফাক রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সন্ধ্যায় ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন মিয়া নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন শিমুল।

তিনি জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত সুজন মিয়া জামালপুর জেলার বকসিগঞ্জ থানার কুশলনগর গ্রামের আব্দুল মজিদের পুত্র। ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামি সুজন মিয়াকে জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হবে।