বন্দুকযুদ্ধে কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গা, জয়পুরহাটের পাঁচবিবিতে শীর্ষ সন্ত্রাসী ও ময়মনসিংহের গফরগাঁওয়ে এক ডাকাত নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, ইয়াবা ও গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
টেকনাফ (কক্সবাজার) :টেকনাফের লম্বাবিল পয়েন্ট দিয়ে মাদকের চালান নিয়ে আসার পথে গতকাল সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে গোলাগুলিতে দুই রোহিঙ্গা মাদককারবারি নিহত হয়েছে। এতে ৩ বিজিবি জওয়ানও আহত হয়। বিজিবি ঘটনাস্থল থেকে ইয়াবা, দেশীয় অস্ত্র, বুলেট ও ধারালো কিরিচ উদ্ধার করে। বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোরে টেকনাফের হোয়াইক্যং বিওপির বিজিবি জওয়ানদের একটি টহল দল মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে লম্বাবিল এলাকায় নাফনদী পয়েন্টে অবস্থান নেয়। এসময় একটি কাঠের নৌকা থেকে দুজনকে নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে ল্যান্সনায়েক জহিরুল, সিপাহি সৈয়দ মাহমুদ ও মো. ইয়াকুব আহত হন। এরপর বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে নৌকায় থাকা মাদক কারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুলিবিদ্ধ দুজনকে কক্সবাজার হাসপাতালে রেফার করা হলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। পরে সঙ্গে থাকা পরিচয়পত্রের সূত্র ধরে নিহতরা কুতুপালং শরণার্থী ক্যাম্পের ব্লক-এ/৩ এর সোলতান আহমদের পুত্র মো. আবুল হাসিম এবং ব্লক-সি/১ এর আবু ছিদ্দিকের পুত্র নূর কামাল বলে সনাক্ত করা হয়।
পাঁচবিবি (জয়পুরহাট) :শুক্রবার ভোরেরাতে পাঁচবিবি উপজেলার ভারাহুত (ভূতগাড়ী) গ্রামে সন্ত্রাসী-পুলিশ বন্দুকযুদ্ধে আমিনুর ইসলাম ক্যাসেট (৪০) নামের এক সন্ত্রাসী নিহত হয়। সে পিয়ারা গ্রামের মৃত আবুল খন্দকার ওরফে শাহাবুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, ভোর ৩টার দিকে ভারাহুত গ্রামে অপহরণের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে ক্যাসেট ঘটনাস্থলে মারা যায়। এসময় একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি চাপাতি ও ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক ব্যবসায়ী, ছিনতাইসহ প্রায় একডজন মামলার পলাতক আসামি ছিল ক্যাসেট। হামলায় তিন পুলিশ সদস্যও আহত হয়।
ময়মনসিংহ :ময়মনসিংহের গফরগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোতালেব নামে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রসুলপুর আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ওই স্থানে একদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবির দুটি টিম। এসময় তারা পুলিশের ওপর গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। একপর্যায়ে তারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত মোতালেবকে পড়ে থাকতে দেখে চিকিত্সার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত মোতালেবের বিরুদ্ধে পাঁচটি ডাকাতির মামলা রয়েছে।
