উন্নয়নের পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২২:০৮

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি আইনের শাসনও প্রতিষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কাজীপুরে দলীয় কার্যালয়ে শহিদ শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষ্যে আয়োজিত এক কর্মীসভায় তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, পঁচাত্তরে জাতির পিতার সঙ্গে যখন শেখ রাসেলকেও হত্যা করা হয়, তখন আজকের তথাকথিত মানবতাবাদী, সুশীল সমাজ ও আইনের শাসনের দাবিদাররা কোথায় ছিলেন। খন্দকার মোস্তাক, জিয়া, বেগম খালেদা জিয়া ও এরশাদ খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে পুরস্কৃত করেছিলেন। আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে শেখ রাসেল, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা হত্যার বিচার করেছে। তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। দলের নেতাকর্মীদের প্রতি সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন—পরাজিত শক্তি এখনো চক্রান্ত করছে, তাদের চক্রান্ত থেমে নেই।

কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় সিরাজগঞ্জ জেলা ও কাজীপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মোহাম্মদ নাসিম কাজীপুরের সোনামুখীতে শহিদ শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন।