রাজশাহীর পদ্মা-বড়ালের মোহনায় ইলিশ ধরতে আসা আটক ভারতীয় জেলে প্রণব মণ্ডলের বিরুদ্ধে চারঘাট থানায় পৃথক মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিজিবির পক্ষ থেকে এসব মামলা দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রাতেই ভারতীয় নাগরিক প্রণবকে চারঘাট থানায় হস্তান্তর করে বিজিবি।
চারঘাট থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন, বিজিবির হাবিলদার হুমায়ুন কবির পৃথক মামলা দায়ের করেছেন। একটি মামলায় প্রণবের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং আরেকটি মামলায় তার বিরুদ্ধে অবৈধ কারেন্ট জাল দিয়ে বেআইনিভাবে ইলিশ মাছ শিকারের অভিযোগ আনা হয়েছে। উভয় মামলায় প্রণব মণ্ডলকে গ্রেফতার দেখিয়ে গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার প্রণব মণ্ডলের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ছিড়াচর গ্রামে। তার বাবার নাম বসন্ত মণ্ডল। বৃহস্পতিবার তাকে আটকের জের ধরে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে একজন সদস্য নিহত এবং আরেকজন আহত হওয়ার দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি বলছে, বিএসএফের গুলিবর্ষণের পর আত্মরক্ষার্থে তারাও ফাঁকা গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলে কারও নিহত বা আহত হওয়ার বিষয়ে বিজিবি এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে পরে তদন্ত করে দেখা হবে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
এদিকে গুলিবিনিময়ের ঘটনায় দিনভর উত্তেজনা শেষে বিকালে পতাকা বৈঠক থেকে ফিরে বৃহস্পতিবার রাতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ। তিনি বলেন, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে চারঘাট উপজেলা সদরের পশ্চিমে পদ্মা ও তার শাখা বড়াল নদের মোহনার শাহরিয়ার খাল এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এলাকাটি ভারতের চর পাইকমারী সীমান্ত থেকে ৬৫০ গজ বাংলাদেশের ভেতরে। এ ঘটনার পর বিকালে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক আরো বলেন, পতাকা বৈঠকে উভয় পক্ষ তাদের নিজ নিজ অবস্থান থেকে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে একমত হয়। এছাড়া এ বিষয়ে আরো আলোচনার জন্য সীমান্তে দ্রুতই আরো পতাকা বৈঠকের বিষয়েও বিজিবি-বিএসএফ সম্মত হয়।
অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, নিহত বিএসএফ সদস্য বিজয় ভান সিং ও আহত বিএসএফ সদস্য রাজবীর সিং। রাজবীর বিএসএফের ১১৭ নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল। বিএসএফের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও তাদের নাম প্রকাশ করা হয়েছে।
