দিনাজপুরে আন্তর্জাতিক রাইস মিল মেশিনারি ও টেকনোলজি প্রদর্শনী

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২২:১৪

ধানের জেলা দিনাজপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক রাইস মিল মেশিনারি ও টেকনোলজি প্রদর্শনী। জেলা চালকল মালিক গ্রুপের আয়োজনে স্থানীয় স্টেশন ক্লাবে আয়োজিত এই প্রদর্শনীতে রাইস মিলের আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি নিয়ে অংশ নিয়েছে জাপান, চীন, কোরিয়া, ভারত, তাইয়ানসহ ৬টি দেশের ২২টি স্টল। আয়োজকরা মনে করছেন, এতে করে চাল উত্পাদনে গুণগত মান নিশ্চিত হবে। একই সঙ্গে উন্নতমানের চাল রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হলে কৃষকরা লাভবান হবেন।

গতকাল শুক্রবার সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন চালকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হুসেন। বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুুল আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক আশ্রাফুজ্জামান, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুজাউর রব চৌধুরী প্রমুখ।

মোসাদ্দেক হুসেন বলেন, প্রযুুক্তি মিলারদের দোরগোড়ায় নিয়ে আসার জন্য প্রতি বছর এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এখানে যেসব কোম্পানির স্টল থাকে সেখানে মিলাররা সরাসরি মেশিনারিজ দেখতে পারে, দরদাম করতে পারে। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এই ধরনের প্রদর্শনীর প্রয়োজন রয়েছে।