সিদ্ধিরগঞ্জ ও মদনপুরে ৪ পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র্যাব

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০০:২৫

র্যাব-১১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ ও মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ পরিবহন চাঁদাবাজকে আটক করেছে। গতকাল  বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে চাঁদাবাজির সাড়ে ৩৮ হাজার টাকাসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো- হিরন মিয়া, শামীম, মঈন উদ্দিন ও মো. আবুল বাশার।

র্যাব জানায়, পণ্য বোঝাই ট্রাক, যাত্রীবাহী বাস ও অটোরিকশা থামিয়ে চাঁদা আদায়কালে ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩৮ হাজার ৪৯০ টাকাও জব্দ করা হয়।

র্যাব পৃথক আরেকটি অভিযানে বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে  মো. আবুল বাশারকে হাতেনাতে আটক করে। এই সময় তার কাছ চাঁদাবাজির নগদ ৩৩ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। বাশার দীর্ঘদিন যাবত্ মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় আসমানী পরিবহনের চালকদের কাছ থেকে জোরপূর্বক দৈনিক গাড়ি প্রতি ১ হাজার ২২০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।